চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি কাজে লাগানোর আহ্বান

২১ ডিসেম্বর, ২০২০ ১১:৪০  
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে রোববার শেষ হয়েছে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি ৪.০’। সম্মেলনে শিক্ষক-গবেষক ও প্র্যাকটিশনারদের মধ্যে সেতুবন্ধ তৈরি করে চতুর্থ শিল্পবিপ্লবের কৌশল নির্ধারণ করা। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, জার্মানিসহ বিশ্বের ২৯টি দেশের কয়েক শ শিক্ষক-গবেষক অংশ নেন। তারা ভার্চ্যুয়ালি এই সম্মেলনে যুক্ত হন। সম্মেলনে মোট তিনটি প্রবন্ধকে ‘বেস্ট পেপার’ হিসেবে নির্বাচিত করা হয়। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. গোলাম সামদানী ফকির সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফৈয়াজ খান, ইউএস-বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মইনুল ইসলাম প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, পুরো বিশ্ব এখন টেকসই উন্নয়নের পথে হাঁটছে। টেকসই উন্নয়নের চাবিকাঠি হচ্ছে হলো বিজ্ঞান ও প্রযুক্তি। এই দুই অনুষঙ্গকে যত বেশি কাজে লাগানো যাবে, ততই চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। এ ব্যাপারে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও অনেককে এগিয়ে আসতে হবে। সম্মেলনের দ্বিতীয় দিন জার্মানির ফ্রনোফার’র থ্রোস্টন হেনকেল, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার প্রফেসর এম তরিকুল ইসলাম, জার্মানী হাইডেলবার্গের ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি (ইএমবিএল)’র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম জুলিয়াস হোসেন, গুগলের আইইইই (এল-৭) ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মনিরুল ইসলাম শরিফ, অস্ট্রোলিয়ার ইউনিভার্সিটি অব ওলংগং থেকে মনিরুল ইসলাম, ব্রাক ইউনিভার্সিটির মনজুর আহমেদ এবং রবি আজিয়াটা লিমিটেডের প্রধান তথ্য কর্মকর্তা ড. আসিফ নাইমুর রহমান প্রবন্ধ পাঠ করেন।